ভ্যালেন্টাইনস ডে মানেই প্রেমের উদযাপন। আর সেই বিশেষ দিনকে ঘিরে দর্শকদের জন্য চমক নিয়ে হাজির হয়েছিল “জি বাংলার” এক বিশেষ ভিডিও। চারিদিকে লাল-সাদা আবহ, রোমান্টিক মুহূর্ত আর জনপ্রিয় ধারাবাহিকের প্রিয় জুটিদের নিয়ে সাজানো সেই উপস্থাপনা প্রথম দেখাতেই মন কেড়ে নেওয়ার মতো।
ভিডিওতে দেখা গেল ‘পরিণীতা’র পারুল–রায়ান, ‘জোয়ার ভাঁটা’র ঋষি–উজি, ‘কুসুম’-এর আয়ুষ্মান–কুসুম, ‘বেশ করেছি প্রেম করেছি’র জুই–স্বয়ম, এমনকি যেই ধারাবাহিক এখনো আসেইনি, সেই ধারাবাহিকের ‘কমলা-শ্রীনিবাস’ জুটিও নিজেদের রোমান্টিক মুহূর্তে ধরা দিলেন। নতুন ধারাবাহিকের জুটিরাও জায়গা পেল সেই প্রেমের আবহে। সব মিলিয়ে এক স্বপ্নিল পরিবেশ তৈরি করা হয়েছিল।
কিন্তু এখানেই শুরু হলো বিতর্ক। কারণ, জি বাংলার অন্যতম জনপ্রিয় এবং দর্শকমহলে সবথেকে বেশি আলোচিত জুটিগুলোর মধ্যে অন্যতম “আর্য–অপর্ণা” সেখানে অনুপস্থিত। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের এই জুটি বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং, দর্শকদের আবেগের কেন্দ্রে। অথচ ভ্যালেন্টাইনস ডে-র বিশেষ ভিডিওতে তাদের দেখা গেল না।
দর্শকদের একাংশ তাই প্রশ্ন তুলেছেন—যেখানে প্রেম উদযাপনের দিন, সেখানে ‘আর্য–অপর্ণা’র মতো শক্তিশালী রোমান্টিক জুটি বাদ পড়ল কীভাবে? কমেন্ট বক্সে অনেকে লিখেছেন, “সবচেয়ে জনপ্রিয় জুটিকেই যদি না রাখা হয়, তাহলে এই ভিডিও অসম্পূর্ণ।” আবার কেউ বলছেন, “এটা কি ইচ্ছে করেই করা হলো?”
তবে বিষয়টা শুধু ‘আর্য–অপর্ণা’ পর্যন্ত সীমাবদ্ধ নয়। একইভাবে ‘সোম–পার্বতী’, ‘শাক্য–আরশি’, ‘আদি–আনন্দী’ এবং ‘দিতি–গোরা’ জুটিকেও দেখা যায়নি এই বিশেষ উপস্থাপনায়। অর্থাৎ একাধিক জনপ্রিয় জুটি এই প্রেমের উৎসব থেকে বাইরে রয়ে গেছে।
ফলে প্রশ্নটা আরও বড় হয়ে দাঁড়াচ্ছে—কেন এমনটা হলো? এটা কি কোনভাবে জি বাংলার আপকামিং অ্যাওয়ার্ড সো “সোনার সংসার”-এ কারা হতে চলেছে সেরা জুটি তারই একটা ইঙ্গিত , নাকি ভবিষ্যতে এই বাদ পড়া জুটিগুলোকে নিয়ে আলাদা কোনও বিশেষ ভিডিও বা সারপ্রাইজ আনার পরিকল্পনা রয়েছে?
বিশেষ করে “আর্য–অপর্ণা”র মতো আবেগঘন, দর্শকপ্রিয় এবং আলোচিত জুটি যদি ইচ্ছাকৃতভাবে বাদ পড়ে থাকে, তাহলে তার পেছনে কারণ কী? এই মুহূর্তে চ্যানেলের তরফে এ নিয়ে কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি।
তাই আপাতত সবটাই জল্পনা। এখন দেখার বিষয়—এই নীরবতার পেছনে সত্যিই কি কোনও বড় চমক লুকিয়ে আছে, নাকি দর্শকদের প্রশ্নের উত্তর মিলবে না এত সহজে?




