স্টার জলসায় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হয়েছে নতুন ধারাবাহিক “প্রতিজ্ঞা”। প্রথম এপিসোড থেকেই গল্প এমনভাবে সাজানো হয়েছে, যেখানে আবেগ, সম্পর্ক আর রহস্য একসাথে মিশে গেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!গল্পের শুরুতেই দেখা যায় অভি এবং পরীর পরিবারের মধ্যে গভীর সম্পর্ক। দুই পরিবার এতটাই কাছের যে তারা ছোটবেলা থেকেই ঠিক করে রাখে, বড় হয়ে অভি আর পরীর বিয়ে দেবে। শুধু পরিবারের নয়, ছোট্ট অভি আর পরীর মধ্যেও বন্ধুত্বটা ছিল খুবই সুন্দর এবং স্বাভাবিক।
কিন্তু হঠাৎ করেই গল্পে আসে বড় ধাক্কা। মন্দির থেকে বাড়ি ফেরার পথে পরী তার বাবা মায়ের সঙ্গে গাড়িতে ছিল, তখনই তার সৎ কাকা পরিকল্পনা করে গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটায়। উদ্দেশ্য ছিল তাদের শেষ করে দেওয়া। সেই দুর্ঘটনার পর কী হয়, পরীর বাবা মা বেঁচে থাকে কি না, সেটা এখনও স্পষ্ট নয়। তবে ছোট্ট পরী গাড়ি থেকে ছিটকে পড়ে অন্য জায়গায় চলে যায় এবং শেষমেশ তাকে আশ্রয় দেয় এক অনাথ আশ্রমের কর্তা।
এই দুর্ঘটনার ধাক্কায় পরী প্রথমে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। পরে ধীরে ধীরে সে আবার কথা বলতে শিখলেও তার স্মৃতি আর ফিরে আসে না। নিজের পরিচয়, নিজের অতীত সব কিছুই সে ভুলে যায়।
এরপর গল্প এগিয়ে যায় প্রায় পনেরো বছর। পরী এখন বড় হয়েছে, কিন্তু নিজের আসল পরিচয় না জানার মধ্যেই সে নতুন জীবন গড়ে তুলেছে। আশ্রমের বাচ্চাদের সঙ্গে তার গভীর সম্পর্ক তৈরি হয়েছে। সে তাদের সাইন ল্যাঙ্গুয়েজ শেখায়, তাদের দেখাশোনা করে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পিছপা হয় না। এখন তার নামও বদলে গেছে, সবাই তাকে চেনে ‘ছুটি’ নামে।
অন্যদিকে অভিও বড় হয়ে উঠেছে সম্পূর্ণ অন্য এক জগতে। সে এখন শহরের পরিচিত একজন উকিল, যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। অর্থের জন্য নয়, ন্যায়ের জন্য সে লড়ে এবং প্রয়োজনে মাত্র এক টাকায়ও কেস নিয়ে নেয়।
গল্পে আবার বড় মোড় আসে যখন এক মূক ও বধির ছেলেকে পুলিশ বিনা অপরাধে গ্রেফতার করে। বিষয়টি জানতে পেরে ছুটি তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। আর সেই কারণেই সে পৌঁছে যায় অভির কাছে। বড় হওয়ার পর এই প্রথমবার মুখোমুখি হয় অভি এবং ছুটি।
এখান থেকেই গল্প নতুনভাবে শুরু হওয়ার ইঙ্গিত দেয়। একদিকে হারিয়ে যাওয়া অতীত, অন্যদিকে নতুন করে তৈরি হওয়া সম্পর্ক। এখন দেখার বিষয়, অভি কি ছুটির কেসটা নেবে এবং ধীরে ধীরে কি তাদের সম্পর্ক আবার সেই পুরনো জায়গায় ফিরে যাবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, পরীর অতীত কি কোনোদিন তার সামনে ফিরে আসবে এবং তার বাবা মায়ের সঙ্গে আসলে কী ঘটেছিল, সেই সত্যি কি সামনে আসবে।
সব মিলিয়ে প্রতিজ্ঞা প্রথম এপিসোড থেকেই একটি আবেগঘন এবং রহস্যে ভরা গল্পের ইঙ্গিত দিয়েছে। এখন দেখার বিষয়, এই গল্প দর্শকদের কতটা ধরে রাখতে পারে এবং অভি ও ছুটির পথ কোথায় গিয়ে মেলে.?




